বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০২২ সালে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে এক্স রাখেন ইলন মাস্ক। এরপর তিনি আগের অনেক কনটেন্ট নিয়ন্ত্রণের নিয়ম বাতিল করেন। এবার তার আলোচনার কারণ জার্মান পরিচালক উভে বোল নির্মিত সহিংস চলচ্চিত্র ‘সিটিজেন ভিজিল্যান্ট’। হলিউড অভিনেতা আর্মি হ্যামার অভিনীত এই ছবিটি মুক্তির পর তেমন সাড়া না পেলেও, মাস্ক নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এটি ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে দেখার সুযোগ করে দিলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই পদক্ষেপের ফলে সিনেমাটি অ্যাপল ও অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা পায়।
চলচ্চিত্রটির পটভূমিতে দেখা যায়, একজন আমেরিকান ব্যক্তি ইউরোপের একটি দেশে গিয়ে নিজেই আইন হাতে তুলে নিয়েছেন। সেখানে তিনি পুলিশ সদস্য, বিচারক, ধর্ষক, শরণার্থী পরিবার ও সাধারণ নাগরিককে হত্যা করেন। তার দাবি, তিনি ইউরোপকে মুসলিম অভিবাসী ও তথাকথিত ‘ওয়োক’ রাজনীতির হাত থেকে রক্ষা করছেন। অত্যন্ত সহিংস ও রক্তাক্ত দৃশ্যের আধিক্যের কারণে জার্মানির চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা প্রথমে ছবিটিকে রেটিং দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
মাস্কের এই প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উঠেছে। তিনি এমন একটি পোস্ট রিপোস্ট করেছেন, যেখানে অভিবাসীদের অপরাধের জবাবে সাধারণ মানুষের হাতে আইন তুলে নেওয়াকে ‘মধ্যপন্থী প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করা হয়েছে। সমালোচকদের মতে, মাস্কের এই পদক্ষেপ সহিংসতা ও বিদ্বেষকে উৎসাহিত করতে পারে, যদিও মাস্কের সমর্থকদের দাবি তিনি কেবল মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করছেন।
কিংস কলেজ লন্ডনের গবেষক জর্জিওস সামারাস মনে করেন, মাস্ক এখন একটি আদর্শিক লড়াইয়ে নেমেছেন এবং নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক ধারণা ছড়িয়ে দিতে চান। ইউরোপের ডানপন্থী রাজনীতির প্রতি মাস্কের প্রকাশ্য সমর্থন এবং ফ্রান্সের মেরিন লে পেন বা যুক্তরাজ্যের টমি রবিনসনের মতো ব্যক্তিদের নিয়ে তার কর্মকাণ্ড নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এছাড়াও বেলফাস্টে দাঙ্গার সময় মাস্কের শেয়ার করা পোস্ট ও ‘রিমাইগ্রেশন’ ধারণার সমর্থন তাকে আরও সমালোচনার মুখে ফেলেছে।
চলচ্চিত্র হিসেবেও ‘সিটিজেন ভিজিল্যান্ট’ তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভ্যারাইটি সাময়িকী একে ‘অবিশ্বাস্য রকমের খারাপ’ এবং মার্কিন লেখক রড ড্রেহার ‘ফ্যাসিবাদী প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন। পরিচালক উভে বোলের দাবি, মাস্কের প্রচারের কল্যাণে সিনেমাটি প্রায় ৬ লাখ ডলার আয় করেছে। মাস্ক নিজে অবশ্য একে কেবল একটি সিনেমা হিসেবে দেখছেন এবং ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বিতর্কিত ভবিষ্যদ্বাণী আবারও পুনর্ব্যক্ত করেছেন।

