সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার লক্ষ্যে সরকার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং একই দিনে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন স্কেলের বিভিন্ন অসংগতি ও অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এই কমিটি। এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও বেতন কাঠামোর সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা পরামর্শ দেবে।
কমিটির দায়িত্বের মধ্যে আরও রয়েছে ঝুঁকিভাতাসহ অন্যান্য সব ভাতার হার পর্যালোচনা করা। প্রয়োজনে বিদ্যমান ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং নতুন কোনো ভাতা চালুর বিষয়েও তারা সুপারিশ পেশ করবে।
কমিটিকে তাদের কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই দিন প্রকাশিত গেজেটে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

