বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এই বিনিয়োগ সহজীকরণ সংক্রান্ত চুক্তিটি সই হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সমঝোতা চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সই করেন। এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান করা ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া, ইনভেস্ট বাংলাদেশ এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

