পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড আগামী দু-এক মাসের মধ্যেই শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকার কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে যে দাবি-দাওয়া রয়েছে, তা সরকার গুরুত্বের সাথে দেখছে। এই দাবিগুলো পর্যালোচনা করার জন্য এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।
তারেক রহমান আরও বলেন, আমি বিশ্বাস করি কোনো শ্রমজীবী ভাই-বোন বা শ্রমিক কখনোই শিল্পের ক্ষতি করতে পারে না। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে, কিছু উশৃঙ্খলকারী ব্যক্তি কলকারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে, গাড়ি ও যন্ত্রপাতি ধ্বংস করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

