ডিজিটাল সংস্কার ও সার্বভৌম এআই অবকাঠামো গড়ার বার্তা দিলেন উপদেষ্টা

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দৃশ্যমান রূপান্তর আনতে সমন্বিত সংস্কার, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের প্রযুক্তি খাতের নানা সংকট, নাগরিকদের তথ্য সুরক্ষা ও আগামী দিনের দূরদর্শী পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন।

এমআইটি থেকে ব্যবস্থাপনা ও প্রকৌশলে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার আরএমআইটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী রেহান আসিফ আসাদ পূর্বে এটিঅ্যান্ডটি, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও এক্সপিডিয়া গ্রুপের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর পর্যবেক্ষণ করে দেখেন, কাজের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা বড় এক চ্যালেঞ্জ। উদাহরণ হিসেবে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তাকে আইসিটি বিভাগের তৈরি ৪ শর বেশি গেমসের কথা বলা হলেও অনুসন্ধানে দেখা যায় প্রকৃত সংখ্যা মাত্র ১০০ এবং সেগুলোর কোনোটিই কাজে আসেনি।

খাত সংস্কারে নিজের পাঁচটি মূল অগ্রাধিকারের বিষয় চিহ্নিত করেছেন এই উপদেষ্টা। প্রথমত আইন ও নীতিমালার সংস্কার, দ্বিতীয়ত সংযোগ অবকাঠামোর আধুনিকায়ন এবং তৃতীয়ত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) তৈরি করা। এ ছাড়া চতুর্থ অগ্রাধিকার হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, দক্ষ জনশক্তি ও স্টার্টআপের বিকাশ এবং পঞ্চমে দেশে ভোক্তা ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল ডিভাইস তৈরির সক্ষমতা বৃদ্ধিকে বেছে নেওয়া হয়েছে।

বিতর্কিত সাইবার সুরক্ষা আইনের বিষয়ে জনগণের উদ্বেগের কথা স্বীকার করে উপদেষ্টা জানান, সরকার শুরু থেকেই সবার মতামত নিয়ে আইন প্রণয়নের পথে হাঁটছে। প্রধানমন্ত্রীও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে খসড়াটি মন্ত্রিসভায় পেশ করা হয়। নাগরিকদের দেওয়া সুনির্দিষ্ট পরামর্শ পর্যালোচনা করে খসড়ায় যুক্ত করার কাজ চলছে।

নাগরিক সেবার নামে আগের ‘আধা ডিজিটাল’ ব্যবস্থার কারণে ভোগান্তি ও দুর্নীতির যে চিত্র ছিল, তা দূর করতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ উদ্যোগ বাস্তবায়নের কথা জানান রেহান আসিফ আসাদ। এই ব্যবস্থার আওতায় নাগরিকের নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, জন্মস্থান ও বর্তমান ঠিকানাসহ ১২টি মৌলিক তথ্য নিয়ে একটি ইউনিক আইডি ও সমন্বিত ডেটাবেজ গড়ে তোলা হবে। এর ফলে সরকারি দপ্তরগুলো দ্রুত তথ্য যাচাই করতে পারবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি কমবে। পাশাপাশি পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে জিওগ্রাফিক্যাল কোড ব্যবহার করে একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে প্রকল্প বরাদ্দ, কাজের অগ্রগতি ও খরচের হিসাব রিয়েল-টাইমে জানা যাবে।

সম্প্রতি নাগরিক ও দায়িত্বশীল ব্যক্তিদের স্পর্শকাতর তথ্য ফাঁসের ঘটনায় সাইবার নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জোর দিয়ে বলেন উপদেষ্টা। গত এপ্রিলে পাশ হওয়া জাতীয় সাইবার নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা এজেন্সির কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ডেটাবেজের সুরক্ষা বাড়ানো হচ্ছে। ব্যাংক ও টেলিযোগাযোগ খাত তুলনামূলক নিরাপদ হলেও ই-কমার্স এবং বেসরকারি খাতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করতে কাজ চলছে। পাশাপাশি নিজের তথ্যের সুরক্ষা দেওয়া নাগরিকের নিজস্ব একটি বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।

টেলিযোগাযোগ খাতের রাজস্ব ও সেবার গুণগত মানের বিষয়ে উপদেষ্টা বলেন, দেশে জিডিপি-কর অনুপাত মাত্র ৬.৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানে অন্তত ১২ শতাংশ হওয়া প্রয়োজন। সরকার কর কাঠামো পুনর্গঠনের ওপর জোর দিচ্ছে। ইতোপূর্বে মোবাইল সেট উৎপাদনে শুল্ক ২৬-২৮ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করার পর গত তিন মাসে স্যামসাং, সিম্ফনি, ভিভো, অপো, টেকনো ও ওয়ালটনের উৎপাদন লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। এখন আইফোন বাদে দেশের বাজারে মোবাইল চাহিদার প্রায় ৯০ শতাংশই স্থানীয় কারখানায় তৈরি ফোন থেকে মিটছে, যা প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। আগামী ছয় মাসের মধ্যে মোবাইল রপ্তানি শুরু করার পরিকল্পনাও রয়েছে।

একই সঙ্গে মোবাইল সিমের কর কমানোর সুফল যাতে গ্রাহকরা পান, সে বিষয়ে বিটিআরসি ও বিভিন্ন মোবাইল অপারেটরের সাথে আলোচনা হয়েছে। টেলিটকের দুর্বলতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিযোগীদের ১৮ থেকে ২০ হাজার টাওয়ারের বিপরীতে টেলিটকের মাত্র ৬ হাজার টাওয়ার রয়েছে। আগামী জুনের মধ্যে নতুন ২ হাজার টাওয়ার নির্মাণ সম্পন্ন হবে। পাশাপাশি নেটওয়ার্ক ভাগাভাগি ও স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে টেলিটকের সেবা মান উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি ২০২৯ সালের মধ্যে ২জি সেবা বন্ধ করার যে লক্ষ্য নিয়েছে, সে প্রসঙ্গে উপদেষ্টা জানান, দেশীয় কারখানায় সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকায় ৪জি হ্যান্ডসেট তৈরি হচ্ছে। বৈশ্বিক চিপ সংকটের কারণে জিপিইউ, সিপিইউ ও মেমোরি চিপ সরবরাহ বিলম্বিত হলেও স্থানীয়ভাবে পিসিবি বোর্ড ডিজাইন ও উৎপাদন করতে পারলে মোবাইল ফোন উৎপাদন খরচের ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। কৃষক ও শ্রমজীবী প্রান্তিক মানুষের হাতে ৪জি সেবা পৌঁছাতে না পারলে উদ্ভাবনী ডিজিটাল সুবিধা প্রদান সম্ভব নয়।

সার্বভৌম এআই প্রসঙ্গে রেহান আসিফ আসাদ স্পষ্ট করেন, বাংলাদেশকে নিজের ডেটা সেন্টারে নিজস্ব অবকাঠামোর ওপর ভিত্তি করে এআই গড়ে তুলতে হবে। এর জন্য দ্রুততম সময়ে এআই নীতিমালা চূড়ান্ত করার পাশাপাশি বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত গবেষণা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ১০ বছর আগে ভিয়েতনামের ইলেকট্রনিকস রপ্তানি ১ বিলিয়ন ডলার হলেও গত বছর তা ২১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশও শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারলে সেই সম্ভাবনাময় গন্তব্যে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।