ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী চারটি ইহুদি দলের নেতারা মঙ্গলবার (৩ নভেম্বর) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আগামী সপ্তাহে নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগেই সংসদীয় কৌশল সমন্বয় করা এবং অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করার বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন।
এই বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদ চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান। তারা এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত হটানোর অঙ্গীকার করেছেন। নেতারা ইয়াশার চেয়ারম্যান গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন।
এই নীতিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানো। নেতারা ঐক্যবদ্ধভাবে ৭ অক্টোবরের সরকারকে হটিয়ে একটি জাতীয় জরুরি সরকার গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্তমানে তার জোটের ৫৩টি আসনের বিপরীতে বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসনে। ফলে সরকার গঠনের জন্য তাদের দুটি আরব দলের সমর্থনের প্রয়োজন, যারা নির্বাচনে ১৯টি আসন জিতেছে। তবে বিরোধী ইহুদি দলগুলো আরব দলগুলোকে ছাড়া কীভাবে সরকার গঠন করবে, সে বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। কারণ, বিরোধী ইহুদি দলের কেউ কেউ আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে আগেই নাকচ করে দিয়েছে।
সরকার গঠনের অনিশ্চয়তা সত্ত্বেও বিরোধী নেতারা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব (ম্যান্ডেট) যাতে আইজেনকট পান, সে বিষয়ে তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া দলগুলোর নেতারা অবিলম্বে জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ শুরু করতে সম্মত হয়েছেন।

