দীর্ঘদিন বিরতি দেয়ার পর আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। দর্শকপ্রিয় এই সিরিজের আইকনিক চরিত্র ক্যাটনিস এভারডিন হিসেবেই তাকে পুনরায় পর্দায় দেখা যাবে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, এটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র্যালফ ফাইনস।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জেনিফার লরেন্স। তিনি জানান, এই সিনেমার মাধ্যমে পুরোনো সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পাওয়াটা তার জন্য ভীষণ আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার ও স্মরণীয়। লরেন্স জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই উডি হ্যারেলসন তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন, যা তাদের পুরোনো দিনের দুষ্টুমির স্মৃতিকে ফিরিয়ে এনেছে। এ ছাড়া আলাপচারিতায় তিনি ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের পুরোনো নানা স্মৃতিও রোমন্থন করেন।

