প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম। শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপপ্রয়াস কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, গত কয়েকদিন ধরে অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা দেখা গেছে, তাতে প্রকৃত কোনো শ্রমিক জড়িত ছিলেন না। বরং পতিত শক্তির দোসররা এসব কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে। সরকার কোনো শিল্প কারখানা বন্ধ করতে চায় না, কারণ এর সঙ্গে বিপুল সংখ্যক শ্রমিকের রুটি-রুজি জড়িত বলে তিনি উল্লেখ করেন।
ডিসেম্বর মাসকে ঘিরে পলাতক আওয়ামী সরকারের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যদি চায় তবে অতিশীঘ্রই প্রত্যাবর্তন করতে পারে। আইন অনুযায়ী তাদের সঙ্গে সুবিচার করা হবে। তাদের ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন যে, এই 'ডিসেম্বর-ডিসেম্বর' বলে পলাতক নেতাকর্মীরা নিজেদের সমর্থকদের বুস্টআপ করার অপচেষ্টা চালাচ্ছেন।

