ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল চরম অশান্ত হয়ে উঠেছে। রোববার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে এসে সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর, লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সুরক্ষার স্বার্থে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের অন্তত ৫০০টি কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিক্ষোভের কারণে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, দিনভর ৫২৯টি কারখানায় কাজ স্থগিত রাখা হয় এবং প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক কাজ না করেই কারখানা থেকে বেরিয়ে যান। সংগঠনের সহসভাপতি মো. রেজওয়ান সেলিম জানান, এই নৈরাজ্যকর পরিস্থিতির কারণে এক দিনেই প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা সমপরিমাণ প্রায় ৩৭৩ কোটি টাকার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। বিজিএমইএর সারসংক্ষেপ অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৮১৬টি খোলা থাকলেও বাকিগুলোতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে ডিএমপি এলাকার মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৮টি কারখানার ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং সাভার-আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টির ২ লাখ ৯০ হাজার ২০৫ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে যান।
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভ দ্রুতই ১১, ১২, ১৪ নম্বর ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল থেকেই শ্রমিকদের অবস্থানের কারণে সড়ক যোগাযোগ অবরুদ্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধ সরাতে গেলে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীরাও বাঁধার মুখে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে সুরক্ষার কথা ভেবে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে প্রায় দুই ঘণ্টা সড়ক ও রেল—উভয় পথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ ও যাত্রী। বিকেলে পরিস্থিতি শান্ত হলে মেট্রোরেল চালু হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মিরপুরের এই সহিংসতা ও নাশকতার অভিযোগে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, দুপুরে ঘটনাস্থল থেকে প্রথমে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ডিএমপির মিরপুর বিভাগ থেকে আরও ১৭ জনসহ দিনশেষে মোট ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। ডিবি সূত্র ও উপকমিশনার রাকিব খান দাবি করেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তার ব্যক্তিদের একটি অংশ স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন; বরং তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে এসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতায় অংশ নেন। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কাশিমপুর শিল্পাঞ্চলেও দিনভর ব্যাপক উত্তেজনা বিরাজ করে। সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠ ফেলে অবরোধ তৈরি করেন। আন্দোলনের একপর্যায়ে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে অবস্থিত পুলিশ বক্সে আগুন দেওয়া হয় এবং পল্লীবিদ্যুৎ এলাকায় একটি ব্যাংকে ভাঙচুর চালানো হয়। এছাড়া অন্তত ১৫টি যানবাহনে ভাঙচুর চালানো হয়। কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের একটি কারখানায় এবং চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহাসড়ক অবরুদ্ধ থাকায় ফায়ার সার্ভিস বিজিবির পাহারায় ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাভার ও গাজীপুর মিলিয়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সড়ক মুক্ত করলে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। এই এলাকা থেকে অসন্তোষে জড়িত অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ-২, যা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া।
সাভারের আশুলিয়াতেও নিশ্চিন্তপুর, নরসিংহপুরসহ পার্শ্ববর্তী এলাকার আল-মুসলিম, ট্রাউজার লাইন ও নিউ এজসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরেও সড়ক অবরোধের চেষ্টা করা হয়। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব ও আশুলিয়া জোনের পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার মালিকরা ছুটি ঘোষণা করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।
পোশাক খাতের এমন অস্থিরতার মধ্যেই রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে দুপুর ১টার দিকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি পোশাক খাতের উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়েছে।

