কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এই সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং বিদ্যুৎ খাতসহ সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপের সমস্যা দেখা দিতে পারে।
পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত রোববার (১ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রাখা হবে।
রক্ষণাবেক্ষণ চলাকালীন জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ, এই চার দিনে গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। পেট্রোবাংলা জানিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

