বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় জেরিকা তাসনীম দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তসংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ, তাঁর বন্ধু দীপ এবং ওই তরুণী উপস্থিত হয়েছিলেন। ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী একটি মোটরসাইকেলে করে রেস্টুরেন্টে পৌঁছান। এর কিছুক্ষণ পর দীপ আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।
রেস্টুরেন্টের ভেতরের অন্য একটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরিহিত অবস্থায় দীপ সেখানে পৌঁছান এবং তিনজনে একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যেতে দেখা গেছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাঁরা কোথায় গিয়েছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এর আগে তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসবের কারণ সম্পর্কে তথ্য দিলেও দীপের বক্তব্যে অসংগতি ছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। বর্তমানে দীপের দেওয়া তথ্য, পরিবারের করা মামলার অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের আলামত মিলিয়ে তদন্ত চলছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন কর্মকর্তারা।

