তরুণ উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

যুবসমাজকে যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩১ অক্টোবর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের অবদান অনস্বীকার্য। রবিবার (১ নভেম্বর) দিবসটি উদ্‌যাপিত হবে।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ করে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়।

যুব উন্নয়নের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের সম্ভাবনা বিবেচনায় যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে যুব কার্যক্রম ছড়িয়ে দিতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যা তরুণদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে সহায়ক হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ২৫ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তার বেশি আয় করছেন। এছাড়া যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে তরুণরা অনলাইনে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন। এছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় যুবসমাজের অংশগ্রহণ বাড়ছে।

ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষার মতো নতুন খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে তিনি তরুণদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় হওয়ার আহ্বান জানান।