আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার ওপর তালেবান প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা হয় না। তিনি বলেন, গণমাধ্যমে যা কিছু আসে তার সবকিছু সত্য নয়। জাকির নায়েক আরও দাবি করেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। তার ভাষ্যমতে, নিরাপদ পরিবেশের অভাব ও নারী শিক্ষকের সংকটের কারণেই উচ্চশিক্ষার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, আফগান নারীরা শরিয়াহ ও ইসলামি বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করছেন।
জাকির নায়েকের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সাংবাদিক, অধিকারকর্মী ও শিক্ষাবিদসহ সাধারণ মানুষ। নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা এই বক্তব্যকে 'গভীরভাবে উদ্বেগজনক ও হতাশাজনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন ইসলামি পণ্ডিত কীভাবে মেয়েদের পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা থেকে বাদ দেওয়ার তালেবানি নীতিকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করছেন, তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাকে সামান্য বিলম্ব হিসেবে উপস্থাপন করা এবং নারী শিক্ষকের সংকটের কথা বলে সেই সংকট সমাধানের পথ না বাতলানো কোনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। তার মতে, এ ধরনের মন্তব্য নারীদের ওপর তালেবানের পরিকল্পিত নিপীড়নকে বৈধতা দেয়।
নির্বাসিত আফগান সংসদ সদস্য মারিয়াম সোলাইমানখিল জাকির নায়েকের যুক্তিকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তালেবান প্রশাসন নারী শিক্ষকদের কাজ করার ওপরই নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ জাকির নায়েক দাবি করছেন মেয়েরা নারী শিক্ষকের অপেক্ষায় রয়েছে। ভারতীয় ইতিহাসবিদ রুচিকা শর্মাও এই মন্তব্যের কড়া সমালোচনা করে একে 'গভীরভাবে অনৈতিক' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর ভয়াবহ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ যেখানে নারী ও মেয়েদের জন্য উচ্চশিক্ষা কার্যত বন্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, একটি মেয়ের জীবনের জন্য পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যা তার ভবিষ্যৎ গঠনে নির্ধারক ভূমিকা পালন করতে পারে।

