সিরাজগঞ্জে ইছামতি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে। জোনায়েদ ওই ভদ্রঘাট পশ্চিম খানপাড়া গ্রামের মৃদু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে জোনায়েদ তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জোনায়েদ পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে তল্লাশি শুরু করেন।

পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যার পর অভিযান সমাপ্ত করা হয় এবং শনিবার সকালে ডুবুরি দল পুনরায় তল্লাশি চালায়। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। যে স্থান থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।