ইরান কি পারমাণবিক বোমা তৈরির পথে? বাড়ছে নতুন জল্পনা

ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে নাকি তৈরির পথে রয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস করপস (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্সের একটি রিপোর্টের পর বিষয়টি নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে। যখন যুক্তরাষ্ট্র ইরানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি দিচ্ছে, তখন তেহরান সেই হুমকিকে পাত্তা দিচ্ছে না। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ইরানের হাতে হয়তো পারমাণবিক বোমা রয়েছে অথবা তারা তা তৈরির খুব কাছাকাছি পৌঁছেছে। সম্প্রতি চীন থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম সরবরাহের খবর এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আইআরজিসি পারমাণবিক বোমা তৈরির দাবিকে জনসাধারণের চাওয়া হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। বার্তা সংস্থা ফার্স রাস্তায় সাধারণ মানুষের সাক্ষাৎকার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে জনসমর্থন রয়েছে। এক্স ও টেলিগ্রামে ছড়িয়ে দেয়া এই ভিডিওর বিবরণে ফার্স উল্লেখ করেছে, ইরানিদের মধ্যে এখন বড় দাবি হলো—আমেরিকা ও ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকতে পারলে ইরানের থাকবে না কেন? যদিও এই সাক্ষাৎকারগুলো দিয়ে ইরানের কতসংখ্যক মানুষ এমন অবস্থান সমর্থন করেন, তার নির্ভরযোগ্য কোনো চিত্র পাওয়া যায় না। তবে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির আইনপ্রণেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের তোলা যুক্তিরই প্রতিফলন।

ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের আলোচনা অবশ্য সাম্প্রতিক যুদ্ধের আগেই শুরু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছিলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বা অস্তিত্বের হুমকি তৈরি করে, তবে তেহরান তার পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করতে পারে। পরবর্তী সময়ে তিনি সর্বোচ্চ নেতা আলি খামেনির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৬ সালের এপ্রিলে তেহরানে নিজের বাড়িতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি প্রাণ হারান। গত আগস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিগুলো ইরানকে সামরিক হামলা থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকা যখন যুদ্ধ চালাচ্ছে, তখন ইরান কেন নিজের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না? তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, ইরানের ওপর হামলা পারমাণবিক প্রতিরোধক্ষমতা অর্জনের পক্ষে যুক্তিকে আরও জোরালো করেছে।

দেশটির কয়েকজন আইনপ্রণেতা আরও স্পষ্ট অবস্থান নিয়েছেন। গত ১৮ অক্টোবর পার্লামেন্টের প্রেসিডিয়াম কমিটির সদস্য আহমেদ নাদেরি জানান, তিনি এক দশকের বেশি সময় ধরে পারমাণবিক পরীক্ষা ও বোমা তৈরির পক্ষে কথা বলে আসছেন। তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রয়াত পিতা আলি খামেনির অবস্থান থেকে ভিন্ন পথে হাঁটতে পারেন। আলি খামেনি ধর্মীয় ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছিলেন। এর আগে গত জুলাইয়ে আইনপ্রণেতা আহমেদ বাখশায়েশ আরদেস্তানি পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছিলেন। এছাড়া রক্ষণশীল সংবাদপত্র ‘ভাতান-এ ইমরোজ’ও অক্টোবর মাসে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে শিরোনাম করেছে। এতে বলা হয়, পারমাণবিক প্রতিরোধক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভবিষ্যৎ হামলা ঠেকাতে পারে। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ যুক্তি দিয়েছেন, পারমাণবিক অস্ত্র কোনো দেশের অস্তিত্বের নিশ্চয়তা দিতে পারে না, যদিও কট্টরপন্থিরা এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

রক্ষণশীল সংবাদপত্র ‘ভাতান-এ ইমরোজ’ও অক্টোবর মাসে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নিয়েছে। পত্রিকাটির শিরোনাম, ‘ইরানের বোমা তৈরি করা উচিত’। এতে বলা হয়, পারমাণবিক প্রতিরোধক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভবিষ্যৎ হামলা ঠেকাতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরির দাবিকে জনসাধারণের চাওয়া হিসেবে তুলে ধরার চেষ্টা অবশ্য ফার্সের সাম্প্রতিক ভিডিওতেই প্রথম নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষ্যকার দাবি করেন, ১২ দিনের যুদ্ধের পর ইরানের প্রায় ৯০ শতাংশ মানুষ পারমাণবিক বোমা তৈরির পক্ষে। তবে এ দাবির পক্ষে যাচাইযোগ্য কোনো জনমত জরিপের পদ্ধতি বা তথ্য উপস্থাপন করা হয়নি। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ যুক্তি দিয়েছেন, পারমাণবিক অস্ত্র কোনো দেশের নিরাপত্তা কিংবা অস্তিত্বের নিশ্চয়তা দিতে পারে না। তার এই বক্তব্যের সমালোচনা করেছেন কট্টরপন্থিরা। তাদের মতে, ভবিষ্যতে হামলা প্রতিরোধে পারমাণবিক অস্ত্র প্রয়োজন।