রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, তাদের বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে মোট চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ, যা পরে বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে।
হামলার পরপরই দুর্বৃত্তরা এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

