জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ফ্লাইটটি জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হয়। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি ও আইসিটি খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ইয়েন-লোন প্রকল্পের প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে উপকূলীয় নিরাপত্তা জোরদারে একটি টহল জাহাজ সংগ্রহের জন্য ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকারি চুক্তির বাইরে জেট্রোর সহায়তায় বেসরকারি খাতের ১৭টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, জাইকা প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা, জেবিআইসি গভর্নর কাজুহিকো আমাকাওয়া এবং জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি ইউনিক্লো, মিতসুই অ্যান্ড কোং ও সুমিতোমো করপোরেশনের মতো বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ফুত্তসুতে এলএনজি টার্মিনাল, ইচিকাওয়াতে লজিস্টিকস হাব এবং নাগোয়াতে টয়োটা মোটর করপোরেশনের কারখানা পরিদর্শন করেন।

