ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলের জন্য একটি নতুন নীতিমালা জারি করেছে সরকার। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ শিরোনামে এই নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। প্রতিটি সিটি করপোরেশন সরকারের পূর্বানুমোদন নিয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের পরামর্শক্রমে নিজ নিজ এলাকায় অটোরিকশার সংখ্যা নির্ধারণ করবে। পুরো সিটি করপোরেশন এলাকা বা জোনভিত্তিক এসব যান চলাচলের অনুমতি দেওয়া হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর শর্ত পূরণ সাপেক্ষে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রদান করা হবে। প্রতিটি নিবন্ধিত ই-রিকশাকে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর ও প্লেট দেওয়া হবে, যা গাড়ির দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর এবং একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।
নীতিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় এই গতিসীমা ঘণ্টায় ১৫ কিলোমিটারে সীমাবদ্ধ থাকবে। প্রতিটি যানে স্পিডোমিটার বা ওডোমিটার থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস করিডোর এবং প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সড়কে ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চালানো যাবে না এবং চালকদের সড়কের বাম লেন অনুসরণ করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বা নিয়মবহির্ভূত ওভারটেকিং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
যাত্রী পরিবহন ও অন্যান্য শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, চালক ছাড়া সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী বহন করা যাবে। বাণিজ্যিক কোনো পণ্য পরিবহন করা যাবে না এবং ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন ব্যবহার করা যাবে না। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি চার হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সব ধরনের ই-রিকশার ফিটনেস সনদের ফি এক হাজার টাকা।
প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করতে হবে। বর্তমানে চলাচলকারী অটোরিকশাগুলোকেও নির্ধারিত মান অনুযায়ী কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে। প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ১২ বছর নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলোকে বিমার আওতায় আনা হবে। পার্কিং ও চার্জিংয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট এলাকা থাকবে এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া দুর্ঘটনার ক্ষেত্রে চালকের দায়বদ্ধতা ও সহায়তা করার বিষয়টিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। অবৈধ বা ত্রুটিপূর্ণ ই-রিকশা বন্ধে ট্রাফিক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথ বা পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

