ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ভোট গণনা। সকাল ৮টা থেকে আসনটির মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল।
দিনভর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে। তবে সকালের দিকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকাল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে। যদিও ভোটগ্রহণ শেষে মোট ভোটের হার এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। নির্বাচনে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের লক্ষ্যেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

