মাতারবাড়ী বন্দর ঘিরে জাপানের পরিকল্পনায় ভারতের সমর্থন

বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক শিল্প ও যোগাযোগব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা জাপান গ্রহণ করেছে, তাকে স্বাগত জানিয়েছে ভারত। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বন্দর সুবিধা কাজে লাগিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। নয়াদিল্লি জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতকে ঘিরে জাপানের সঙ্গে কৌশলগত যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশই কাজ করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৮ অক্টোবর) জানান, জাপানের সঙ্গে ভারতের শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব বিদ্যমান। তিনি উল্লেখ করেন, উত্তর-পূর্ব ভারত ও জাপানকে যুক্ত করে বেশ কয়েকটি যৌথ উদ্যোগ বর্তমানে চলমান রয়েছে এবং এসবের মাধ্যমে কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করা হচ্ছে। এছাড়া, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের জাপানি ভাষা শিখতে উৎসাহিত করছে ভারত সরকার, যার মূল লক্ষ্য দুই দেশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু গত ১৮ অক্টোবর জাপানের কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে একটি সমন্বিত শিল্প ও বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় টোকিও। এই পরিকল্পনায় বন্দর, শিল্পাঞ্চল, পরিবহন ও বাণিজ্যিক অবকাঠামোকে সমন্বিতভাবে কাজে লাগানোর কথা রয়েছে। এর ফলে বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, ভুটান, নেপাল ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। এতে বাংলাদেশ আঞ্চলিক শিল্প ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এই বন্দরটি চালু হলে বড় জাহাজে পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভূমিকা আরও জোরালো করবে। এই অবকাঠামো ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হবে, যা পণ্য পরিবহনের সময় ও ব্যয় সাশ্রয় করবে। এর পাশাপাশি বাংলাদেশ বন্দরসেবা, পরিবহন, গুদামজাতকরণ এবং শিল্প খাতে অর্থনৈতিক সুবিধা পাবে।

এর আগে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর মাধ্যমে ভারতের ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যোগাযোগের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সেতুটি চালু হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে। তবে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই সম্ভাবনা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।