বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে ই-কমার্স খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতের টেকসই উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) একটি কার্যকর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে—এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা। আসন্ন ই-ক্যাব নির্বাচন ২০২৬–২০২৮-কে সামনে রেখে যাচাই ডট কম লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ আগামী নেতৃত্বের কাছে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন।
তার প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখা, যার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত সংলাপ করে ই-কমার্স রোডম্যাপ প্রণয়ন, ডিবিআইডি ও ট্রেড লাইসেন্স সহজীকরণ এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা। এছাড়া বিভাগীয় পর্যায়ে সেবাকাঠামো গড়ে তোলা, অনলাইন হেল্পডেস্ক চালু এবং প্রান্তিক উদ্যোক্তাদের নিবন্ধন ও পরামর্শ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রকৌশলী আব্দুল আজিজ আরও প্রস্তাব করেছেন, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে ই-কমার্স মেলা আয়োজন, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ সুযোগ প্রদান এবং উৎপাদক ও বিক্রেতাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি করা। কর-ভ্যাট নীতি সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পেমেন্ট, কাস্টমস ও লজিস্টিকস প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
অর্থায়ন ও পেমেন্ট সুবিধার ক্ষেত্রে স্বচ্ছতা আনা, কুরিয়ার ও লজিস্টিকস ব্যবস্থায় স্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং নতুন স্টার্টআপ উদ্যোক্তাদের মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিও তার তালিকায় রয়েছে। এছাড়া সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে ওয়ান-স্টপ হেল্পডেস্ক ও সময়াবদ্ধ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং উদ্যোক্তাদের প্রতি বছর বিশেষ সম্মাননা প্রদানের সুপারিশ করেছেন তিনি।
আব্দুল আজিজের মতে, নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে তার বাস্তবায়নই আগামী নেতৃত্বের সাফল্যের আসল মাপকাঠি। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব ক্ষুদ্র-বড়, নতুন-অভিজ্ঞ এবং রাজধানী ও প্রান্তিক সব উদ্যোক্তার স্বার্থকে সমান গুরুত্ব দেবে। তার মতে, ই-ক্যাবের প্রতিটি উদ্যোগের সাফল্য মূল্যায়ন করতে হবে সদস্যদের ব্যবসায়িক সুফল, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বাস্তব অগ্রগতির ভিত্তিতে, যেখানে জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।

