আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় মানবিক সহায়তার আওতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুরাক এয়ারের ‘ইউজেড২২২’ (UZ222) নম্বর ফ্লাইটে করে মঙ্গলবার সকাল ৭টায় প্রত্যাবাসিত নাগরিকদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ৩৬ জন ভূমধ্যসাগর থেকে আটকের পর ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। এছাড়া অন্য ১৩৮ জন নাগরিক ত্রিপোলীর বিভিন্ন বিপদসংকুল ও ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে নিজেদের ইচ্ছায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এই দলটিতে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি রয়েছেন।
স্বদেশে ফেরত পাঠানোর আগে ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাস চত্বরে প্রত্যাবাসিত নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। সে সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত ও অবৈধ অভিবাসনের মারাত্মক ঝুঁকি এবং নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়, যার প্রভাব পড়ে তাদের পরিবার ও পুরো সমাজের ওপর। রাষ্ট্রদূত তাদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ভ্রমণের জন্য বৈধ পথ অনুসরণের পরামর্শ দেন। পাশাপাশি মানবপাচারকারী ও দালালদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।
লিবিয়ায় আটকে পড়া এবং স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮শে অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশিকে মানবিক সহায়তায় ফেরানোর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

