ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং মানবাধিকার সংস্থা অধিকার। সোমবার পৃথক বিবৃতিতে সংস্থা দুটি আইজিপির এই বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি প্রচ্ছন্ন ছাড়পত্র হিসেবে অভিহিত করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, আইজিপির এই বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা আড়ালের একটি প্রচেষ্টা। পুলিশের কাজের পরিবেশ ও সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজন বৈধ সমালোচনা এড়ানোর যুক্তি হতে পারে না বলেও উল্লেখ করেছে টিআইবি। তিনি প্রশ্ন তোলেন, সরকার অনুমতির শর্ত জুড়ে দিয়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা কি আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার স্বীকারোক্তি নয়? ইফতেখারুজ্জামান আরও বলেন, পুলিশের কাজ হলো পেশাদার তদন্ত ও প্রমাণের মাধ্যমে অপরাধীকে বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারকে সামনে আনা পেশাগত দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। তিনি আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে অতীতে ক্রসফায়ারের নামে অর্থ আদায়, নির্যাতন ও হত্যার বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সরকারের অনুমতিই বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে, তা নির্বাহী সিদ্ধান্তে বাতিল করার সুযোগ নেই। গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে টিআইবি জানতে চেয়েছে, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানানোর পরও পুলিশপ্রধান কেন এমন মন্তব্য করলেন। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগকেও স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

মানবাধিকার সংস্থা অধিকার তাদের বিবৃতিতে জানায়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ব্যাপক ঘটনার জন্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছেন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ইতিমধ্যে ৫ টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অধিকার ডকুমেন্ট করেছে। সংস্থাটি মনে করে, পুলিশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির এই ধরনের বক্তব্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছাড়পত্র দেবার শামিল। অধিকার এই ধরনের বক্তব্যের পরবর্তী ১৫ দিনের মধ্যে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।