আসন্ন ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়ে দেশে কোনো অরাজক পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে যারা পরাজিত শক্তির সাথে আঁতাত করবে, তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে। অরাজকতা বা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, যারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল তাদের সাথে হাত মিলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দায় তাদেরকেই নিতে হবে। এতে সরকার বা জনগণের কোনো ক্ষতি হবে না এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৫ সালের সেই দিনটির আগে বাকশাল ও রাজনৈতিক রক্তক্ষয়ী দ্বন্দ্বের কারণে দেশ চরম অনিশ্চয়তায় পড়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙক্ষা থেকে সেই বিপ্লব হয়েছিল, যার মহানায়ক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভূত হন। তার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র, মুক্তকণ্ঠের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। তিনি দাবি করেন, ৭ই নভেম্বরের সেই অদম্য চেতনাই পরবর্তীতে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতাকে ফ্যাসিবাদের পতনে উদ্বুদ্ধ করেছিল।
বিএনপির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৭ই নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এর পাশাপাশি ৬ই নভেম্বর কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার পরিকল্পনা রয়েছে এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে হাবিবুন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

