পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জনপদ

রোববার (২৫ অক্টোবর) রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দুই দেশের একাধিক অঞ্চলে এই কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১০ কিলোমিটার বা ৬৮.৩৫ মাইল। সংস্থাটি শুরুতে কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্যও আসেনি।