বদনজর থেকে বাঁচার উপায় ও ইসলামি আমলসমূহ

বদনজরের প্রভাব একটি সত্য বিষয়, যা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটি মূলত মানুষের হিংসাত্মক কুদৃষ্টির কুফল। আল্লাহর স্মরণ ছাড়া গাফেল অবস্থায় কোনো জিনিসের প্রতি তীক্ষ্ণ ও কুদৃষ্টি দিলে মানুষের ক্ষতি হতে পারে এবং বিভিন্ন বস্তুর ওপরও এর প্রভাব পড়তে পারে। যাকে বদনজর করা হয়, সে যদি প্রতিরক্ষাহীন অবস্থায় থাকে, তবেই এই কুদৃষ্টির বিষাক্ত তির কার্যকর হয়। অন্যথায়, প্রতিরক্ষা অবস্থায় থাকলে এর কোনো প্রভাব পড়ে না।

পবিত্র কোরআন ও হাদিসে বদনজরের সত্যতা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটি কোনো মূর্খতাসুলভ কুসংস্কার নয়। ইয়াকুব (আ.) তার সন্তানদের কুদৃষ্টি ও হিংসার আশঙ্কায় একই দরজা দিয়ে শহরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন, যা সুরা ইউসুফের ৬৭-৬৮ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বদনজরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, 'বদনজরের প্রভাব সত্য' (বোখারি: ৫৩২৯; মুসলিম: ৫৫১৩)। এছাড়া আসমা বিনতে উমায়স (রা.) যখন জাফরের সন্তানদের জন্য ঝাড়ফুঁকের অনুমতি চেয়েছিলেন, তখন রাসুল (সা.) বলেছিলেন, 'হ্যাঁ, কোনো জিনিস যদি তকদিরকে অতিক্রম করার মতো হতো, তবে বদনজর অবশ্যই তা অতিক্রম করতে পারত' (তিরমিজি: ২০৫৯)। আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসেও আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় চাওয়ার নির্দেশনা রয়েছে (ইবনে মাজাহ: ৩৫০৮)।

বদনজর থেকে বাঁচার জন্য প্রতিদিন সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ার নির্দেশনা রয়েছে (তিরমিজি: ৩৫৭৫)। এছাড়া নিম্নোক্ত দোয়াটি পাঠ করা অত্যন্ত কার্যকর: 'বিসমিল্লা হিল্লাজি লা-ইয়াদুররু মাআসমিহি শাইউন, ফিলআরদি ওয়ালা-ফিসসামায়ি, ওয়া হুও য়াস সামিউল আলিম' (তিরমিজি: ৩৩৩৫)। এই দোয়াগুলো কয়েকবার পড়ে শরীরে ফুঁ দিলে বা হাত মুছে নিলে আল্লাহর রহমতে বদনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব।

শিশুদের সুরক্ষার জন্য রাসুল (সা.) হাসান ও হুসাইনকে (রা.) যেভাবে ফুঁ দিয়ে দোয়া পড়তেন, সেভাবে মাঝেমধ্যে দোয়া পড়ে ফুঁ দেওয়া কর্তব্য। রাসুল (সা.) এই দোয়াটি পড়তেন: 'আউজি বিকালিমা-তিল্লাহিত্ তা-ম্মাহ। মিন কুল্লি শাইতানিন-ওয়া হাম্মাহ। ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাহ' (বোখারি: ৩১৯১)। আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে বাঁচার তাওফিক দান করুন।