অক্টোবরের ২৪ দিনে দেশে এলো ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোট ২১৩ কোটি ৭০ লাখ (২.১৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাসের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহের এই ধারা ইতিবাচক। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি ৫০ লাখ ডলার বা ৬ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। উল্লেখ্য, আগের মাসের একই সময়ে প্রবাসীরা ২০০ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছিলেন।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ঊর্ধ্বমুখী রয়েছে। ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১০৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

এর আগে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্ট মাসে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। বিগত ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছিল।