ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দিচ্ছে এনসিটিবি

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে তা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম উল্লেখ থাকলেও কোনো ধরনের প্রতীক বা আইকন রাখা হবে না।

রোববার এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বইয়ের ওই অংশে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকবে, তবে কোনো আইকন ব্যবহার করা হবে না। আগামী বছর বইটি এভাবেই শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং পরের বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে যাতে কোনো ভুল তথ্য না থাকে।

এনসিটিবি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২০ লাখ কপি ইতোমধ্যে ছাপার কাজ শেষ হয়ে মাঠপর্যায়ে পৌঁছে গেছে। তবে গত বৃহস্পতিবার রাতে এনসিটিবির পক্ষ থেকে বইটির ছাপার কাজ বন্ধ রাখার জরুরি নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে সংশোধনের পর পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তর বোঝাতে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। এ ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এনসিটিবি ছবিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৮: ২২আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৮: ৩১

তবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে সংশোধনের পর পুনরায় সরবরাহের কথা জানানো হয়।