ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটন যেকোনো সময়, এমনকি রবিবারও (২৫ অক্টোবর) ইরানে সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর পথও খোলা রেখেছেন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য এই হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়টি নিয়ে তারা ভাবছেন এবং হয়তো রবিবারই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ সময় তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, কোনো সামরিক অভিযানের পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা তিনি আগেভাগে প্রকাশ করবেন কি না, তা নিয়ে সাংবাদিকদের সন্দেহ থাকা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে রাজি হয়, তবে তারা সামরিক পদক্ষেপ এড়িয়ে চলতে পারে। ইরান একটি চুক্তি করতে আগ্রহী বলে উল্লেখ করলেও সেই চুক্তির শর্ত তারা মেনে চলবে কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প।
ট্রাম্পের মতে, তার প্রধান লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে চালানো মার্কিন অভিযান দীর্ঘমেয়াদি কোনো সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবার তিনি বিষয়টি স্থায়ীভাবে সমাধান করতে চান। এ কারণেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো পরিসংখ্যান দেননি। চূড়ান্তভাবে ইরানকে কি সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে, নাকি আলোচনার মাধ্যমে সমঝোতা হবে—সে বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিষয়টির নিষ্পত্তি করতে হতে পারে অথবা ইরান চুক্তিতে আসতে পারে, তবে যেভাবেই হোক যুক্তরাষ্ট্র জয়ী হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে সামরিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে, যদিও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাও ওয়াশিংটন পুরোপুরি নাকচ করেনি।

