দুই দশকেরও বেশি সময় ধরে জার্মানির বার্লিন শহরে বসবাস করছেন ডেনমার্কের খ্যাতিমান গায়িকা, গীতিকার ও পিয়ানোবাদক অ্যাগনেস ওবেল। এই শহরে বসেই তিনি রেকর্ড করেছিলেন তাঁর প্রশংসিত প্রথম অ্যালবাম ‘ফিলহারমনিকস’। সুরের মায়াজাল, মৃদু কণ্ঠ এবং স্বপ্নের মতো আবহ তৈরি করে বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এই ডেনিশ সুরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বার্লিন শহরের জীবনের প্রভাব, মাতৃত্বের অভিজ্ঞতা এবং নিজের নতুন অ্যালবাম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। দ্য বার্লিনা-তে প্রকাশিত সাক্ষাৎকারটি এদিন অনলাইনে অনূদিত হয়েছে।
সন্তানের মা হওয়ার পর সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে অ্যাগনেস ওবেলের নতুন অ্যালবাম ‘দ্য মিনিং অব ফ্লাওয়ার্স’ (ফুলের অর্থ)। এই কাজের মূল সুর আবর্তিত হয়েছে মানুষের মনের পরিবর্তন, বিকাশ, ঘনিষ্ঠতা এবং প্রকৃতির সঙ্গে জীবনের গভীর সম্পর্ককে কেন্দ্র করে। অ্যালবামের নামটির উৎস হিসেবে তিনি অলিভার স্যাক্সের ‘দ্য রিভার অব কনশাসনেস’ বইটির কথা স্মরণ করেন, যেখানে ‘ডারউইন অ্যান্ড দ্য মিনিং অব ফ্লাওয়ার্স’ নামে একটি অধ্যায় রয়েছে। ওবেলের মতে, ফুল কেবল একটি বস্তু নয়; একটি ক্ষুদ্র ফুলের জীবনচক্রের ভেতরেই পুরো মহাবিশ্ব ও জীবনের গভীর সত্য লুকিয়ে থাকে।
আগের অ্যালবামগুলোর তুলনায় ‘দ্য মিনিং অব ফ্লাওয়ার্স’-এ সিনথেসাইজার ও ইলেকট্রনিক শব্দের ব্যবহার অনেক বেশি। পিয়ানো তাঁর প্রধান বাদ্যযন্ত্র হলেও মনের কিছু বিশেষ অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন অনুভব করেন ওবেল। বার্লিনের অর্কেস্ট্রাল টুলস প্রতিষ্ঠানের মাধ্যমে চমৎকার কিছু স্যাম্পল ও প্লাগইন পান তিনি। সেখানে একজন স্ট্রিংবাদকের বাজানো সুর এমনভাবে রেকর্ড ও লেয়ার করা হয়, যা শুনে মনে হয় পুরো অর্কেস্ট্রা বাজছে। অ্যালবামে নতুন মাত্রা যোগ করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ‘ডিভাইড অ্যান্ড ডিসলভ’ প্রকল্পের স্যাক্সোফোনবাদক তাকিয়াইয়া রিডের সঙ্গে কাজ করেন। রিড কয়েক মাস ওবেলের স্টুডিওতে থেকে অ্যালবামের দুই-তিনটি গানে স্যাক্সোফোন বাজিয়েছেন।
কোপেনহেগেনের একটি ছোট ফ্ল্যাটে সঙ্গীর সঙ্গে কাজ করতে গিয়ে পরিসরের অভাব বোধ করার পর কাজের স্বাধীনতার খোঁজে বার্লিনে আসেন ওবেল। সে সময় হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস কর্মসূচিতে পড়ার সুযোগকে বার্লিনে আসার বাহানা বানান তিনি। সংগীতে সাফল্য পাওয়ার পর অর্জিত অর্থ দিয়ে তিনি সবসময় নিজের স্বাধীন কাজের জায়গা তৈরি করেছেন। একসময় নয়ক্যোলনে তাঁদের একটি সুন্দর বড় ফ্ল্যাট ছিল, যেখানে তিনি ‘সিটিজেন অব গ্লাস’ অ্যালবামের কাজ করেছিলেন। তবে ফ্ল্যাটের নিচে একটি ভিয়েতনামি রেস্তোরাঁ চালু হওয়ার পর তাদের বিশালাকার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বিকট শব্দে বাধ্য হয়ে স্টুডিও বদলাতে হয়। বর্তমানে পাঁচ বছরের কন্যাসন্তানের মা ওবেল শহরের কোলাহল ও যানবাহন এড়িয়ে নিজস্ব স্টুডিওতে কাজ করছেন।
চলতি গ্রীষ্মে ওবেল ‘গার্টেন ডের ভেল্ট’-এ একটি একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন, যেখানে স্থানটির পরিবেশের সঙ্গে অ্যাকুস্টিক যন্ত্রের মেলবন্ধন দারুণ প্রশংসা পায়। এর আগে তিনি অ্যাডমিরালস্পালাস্ট ও ফিলহারমোনিতে একাধিকবার গান পরিবেশন করেছেন। ওবেল জানান, তাঁর দলে ড্রামার ও চেলোবাদক রয়েছেন এবং তিনি নিজে খুব উচ্চকণ্ঠে গান গান না বলে মঞ্চে অ্যাকুস্টিক শব্দের ভারসাম্য রক্ষা করা কিছুটা কঠিন হয়। বার্লিনের স্বাধীন ইলেকট্রনিক সংগীতশিল্পী মাউস অন মার্স, অ্যাপেক্স টুইন ও স্কয়ারপুশারের কাজ তাঁকে স্বাবলম্বীভাবে কাজ করার আত্মবিশ্বাস যুগিয়েছে। আলাদা প্রযোজক ছাড়াই নিজে গান তৈরি ও রেকর্ড করার এই স্বাধীনতা তিনি বার্লিন থেকেই অর্জন করেছেন।
২০১০ সালে 'ফিলহারমনিক্স' অ্যালবামের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া অ্যাগনেস ওবেল পরবর্তীতে 'অ্যাভেনটিন', 'সিটিজেন অভ গ্লাস' এবং 'মাইওপিয়া' অ্যালবামের মাধ্যমে তাঁর স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে তোলেন। পেশাদার পপসংগীতের জাঁকজমক এড়িয়ে সুরের গভীরতা ও নীরবতার শক্তিকে গুরুত্ব দেওয়াই তাঁর সংগীতের মূল ভিত্তি। ২০২৬ সালে প্রকাশিত তাঁর নতুন অ্যালবাম ‘দ্য মিনিং অভ ফ্লাওয়ার্স’ তাঁর এই দীর্ঘ সংগীতযাত্রাকে আরও সমৃদ্ধ করেছে।
