প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে কার্যত অচল হয়ে পড়েছে তাইওয়ান। প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম। শুক্রবার (২৩ অক্টোবর) দ্বীপজুড়ে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই দুর্যোগে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন ১৬৩ জন। এর আগে আহতের সংখ্যা ১৭১ বলা হলেও পরে তা সংশোধন করা হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঝড়টির বাতাসের বিস্তৃতি প্রায় ৩২০ কিলোমিটার, যার ফলে দ্বীপটির অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।
সিডব্লিউএর তথ্য অনুযায়ী, শুক্রবার ঝড়টির অবস্থান ছিল তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি শুক্রবার রাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছ দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে উত্তরমুখী হতে পারে। পরে দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে ৭৭ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তবে অনেক এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। ঝড়ের প্রভাবে শুক্রবার আর্থিক বাজার বন্ধ রাখা হয় এবং প্রায় এক হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী তাইপেইয়ে মেট্রোরেলসহ গণপরিবহন সীমিত আকারে চলাচল করছে।
সরকার পাহাড়ি এলাকা থেকে ২ হাজার ৬৩৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে বালুর বস্তা বিতরণ করা হয়েছে এবং উদ্ধারকাজে উভচর যান ও নৌকা প্রস্তুত রাখা হয়েছে। সুয়াও বন্দর শহরের প্রধান লি মিং-চেন জানিয়েছেন, প্রয়োজনে সেনাবাহিনীকে উদ্ধারকাজে যুক্ত করা হবে। অন্যদিকে, চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ঝড়ের কারণে তাদের কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।
আবহাওয়াবিদ লিউ পেই-তেং রয়টার্সকে বলেন, ঝড়টি তাইওয়ানের কাছে এসে থেমে গেলে বা দিক পরিবর্তন করলে সরাসরি স্থলভাগে আঘাত হানার ঝুঁকি থেকে যায়। উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির দমকা বাতাসের আশঙ্কার কথা জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চাম্পি এরপর জাপানের ওকিনাওয়া অঞ্চলের ইয়োনাগুনি দ্বীপের দিকে এগিয়ে যেতে পারে।
