লক্ষ্মীপুরের হায়দরগঞ্জ বাজারে পলিথিনমুক্ত পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরাম। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পলিথিন ও ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা অপসারণ করেন। এই পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি তারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

অভিযান চলাকালীন বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে অংশগ্রহণকারীরা বলেন, যত্রতত্র পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একটি পরিচ্ছন্ন বাজার গড়ে তোলার জন্য পলিথিনের ব্যবহার কমিয়ে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা আরও গুরুত্ব দিয়ে বলেন, কেবল একদিনের এই অভিযান যথেষ্ট নয়; বাজারকে সবসময় পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী, ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে নিয়মিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরিচ্ছন্নতা এই অভিযানে উপস্থিত ছিলেন মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন হারুন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, শামীম আশরাফ, মডেল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, মডেল স্কুলের সহকারী শিক্ষক তামান্না আক্তার, মো. রিয়াজ হোসেন, সাফিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. সবুজ, রিমন, রাজিব, সিয়াম, আজগর মোবারক ও মো. শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।