প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ: অপরাধীদের হাতে অস্ত্র আসছে কোথা থেকে?

রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা শহরে একের পর এক গুলির ঘটনা ঘটছে, যা জনমনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। কখনো চায়ের দোকানের সামনে, কখনো মসজিদের পাশে, আবার কখনো নিজ বাড়িতেই মানুষকে গুলি করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত হামলাকারীরা খুব কাছ থেকে গুলি চালিয়ে অত্যন্ত নির্বিঘ্নে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ বিস্তারের চিত্র নতুন করে সামনে নিয়ে এসেছে। একইসঙ্গে অপরাধীদের এই দুঃসাহস এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। অপরাধীদের হাতে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, তা এখন বড় আলোচনার বিষয়। এছাড়া, প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যাকারীরা কীভাবে অনায়াসে পালিয়ে যাচ্ছে এবং অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কতটা কার্যকর হচ্ছে—তা নিয়ে জনমনে নানা সংশয় ও প্রশ্ন তৈরি হয়েছে।