অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং দেশে বিনিয়োগ আকর্ষণ—এই তিন প্রধান লক্ষ্য নিয়ে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি জাপানের সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতার পাশাপাশি ইপিএ কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেবেন। সরকারের প্রত্যাশা, এই চুক্তি বাস্তবায়িত হলে জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী সংসদ অধিবেশনেই ইপিএ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে এই চুক্তিকে দুদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। সফরের অংশ হিসেবে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে।
বিনিয়োগের ক্ষেত্রে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার বাংলাদেশে কারখানা স্থাপনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত ৬ অক্টোবর টয়োটা তসুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের পরিকল্পনার কথা জানায়। ২০২৭ সালে কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের লক্ষ্য রয়েছে তাদের। এছাড়া মিতসুবিশি করপোরেশনের মতো বড় জাপানি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে সক্রিয় আগ্রহ দেখাচ্ছে, যা দেশটিকে জাপানি গাড়ি নির্মাতাদের নতুন কেন্দ্রে পরিণত করতে পারে।
গত ৬ ফেব্রুয়ারি টোকিওতে স্বাক্ষরিত ইপিএ চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানি ঝুড়ির ৯৭ শতাংশ বা ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। ২০২৪ সালে শুরু হওয়া আলোচনা শেষে এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন কাঠামোয় নিয়ে এসেছে। বিজিএমইএ’র তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে জাপানে প্রায় ১১৮ কোটি ৫০ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা ভবিষ্যতে ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে ২০২৬-৩১ মেয়াদে প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন বা ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ প্রস্তাব করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এই অর্থের বড় অংশ অবকাঠামো, জ্বালানি ও শিল্পাঞ্চল উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তার পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলাম টোকিওতে থেকে সফরের কূটনৈতিক আয়োজন ও দ্বিপাক্ষিক কার্যক্রম সমন্বয় করবেন।
