প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকে কেন্দ্র করে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। এই সফরের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে টোকিওতে রাখা হচ্ছে না, বরং তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের কূটনৈতিক বিষয়াবলি এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। তিনি ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন এবং সফর চলাকালীন টোকিওতে থেকে দ্বিপক্ষীয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে আলোচনার জন্য দাউদ আলীকে দ্রুত ঢাকায় ডেকে পাঠানো হয়। সেই নির্দেশনা অনুযায়ী তিনি জাপান থেকে দেশে ফিরেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাকে ঢাকায় ডাকা হলেও সফরের প্রস্তুতিমূলক কোনো কাজে যুক্ত রাখা হয়নি।

সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দেশ সফরের সময় সেখানে নিযুক্ত রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার বিষয়টি নজিরবিহীন। এছাড়া চাকরিতে থাকা অবস্থায় রাষ্ট্রদূতকে ঢাকায় এনে সফরের বিশেষ দায়িত্ব দেওয়ার ঘটনাও তাঁদের জানা নেই।

উল্লেখ্য, দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। দাউদ আলী জাপানে রাষ্ট্রদূত হওয়ার আগে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৭ অক্টোবরের এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেট্রোরেলের খরচ ও ঋণের সুদের হার কমানোর বিষয়টিও আলোচনার টেবিলে থাকবে বলে জানা গেছে।