হরমুজে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাল ইরান, জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই অবরোধ প্রত্যাখ্যানের পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করতে জাতিসংঘের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে অযৌক্তিক বলে উল্লেখ করে এর নিন্দা জানানোর জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রদূত দারজি আরও বলেন, ইরান তার ভূখণ্ড ও সামুদ্রিক সীমানায় যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে প্রস্তুত। ওয়াশিংটনের আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে এবং সামরিক আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।