মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ এবং তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার চট্টগ্রাম সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
শফিকুর রহমান বলেন, ইশরাকের মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তবে তিনি মন্তব্য করেন, "তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। তিনি হয়তো ভালো নিয়তেই করেছিলেন।" জামায়াত আমির আরও যোগ করেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংস করে দেয়, তাই পরিস্থিতির প্রেক্ষাপটে ইশরাক যা করা প্রয়োজন মনে করেছিলেন তা করেছেন। অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, "খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এই সমাজে অভাব নেই। তারা রেফারেন্স হিসেবে এটাকে ইউজ করে। তবে তার কাজের ব্যাপারে তো এখানে আপত্তি করার কিছু নেই।" একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো কাজের উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে সেই পদ্ধতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হয় না। নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিষয় বিবেচনা করা জরুরি বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের পর সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
মাদক নির্মূলের বিষয়ে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শফিকুর রহমান জানান, সংসদ থেকে মাদক নিয়ন্ত্রণ আইন পাশ হলেও তাদের লক্ষ্য কেবল নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূল করা। এ জন্য আইনের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

