বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
পররাষ্ট্র সচিব জানান, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে জাপানি প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সফরকালে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা চলছে।
সফরটি বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের প্রসার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সময়োপযোগী সুযোগ তৈরি করবে বলে সচিব উল্লেখ করেন। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) বাস্তবায়নের পাশাপাশি জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া তিনি ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাইকা, জেবিআইসি, জেট্রো এবং সাকাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার উৎপাদন প্ল্যান্টসহ বিভিন্ন জ্বালানি ও শিল্প স্থাপনা পরিদর্শন করতে পারেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সফরের ফলে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত করার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ ও নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, রোহিঙ্গা সংকটের সমাধান এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

