পর্তুগালের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত কামরুল হাসান

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার লিসবনের ঐতিহাসিক বেলেম প্রাসাদে পর্তুগালের প্রেসিডেন্টের কাছে তিনি এই পরিচয়পত্র উপস্থাপন করেন।

পরিচয়পত্র পেশের পর পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানের পক্ষ থেকে পর্তুগালের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। বৈঠকে ঢাকায় পর্তুগালের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন যে, ঢাকায় পর্তুগালের দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে।

উভয় দেশের মধ্যে জনশক্তি চলাচল কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সরাসরি বিমান চলাচল চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

পর্তুগালের প্রেসিডেন্ট দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের কঠোর পরিশ্রম ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং পর্তুগিজ সমাজে তাদের একীভূত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সামুদ্রিক বিষয়াবলি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়।

লিসবনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।