ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার প্রকাশিত এই তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, চট্টগ্রামে ২২০ জন, বরিশালে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, রংপুরে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।