চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ২৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ১২ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক অপর দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (১৯ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীর চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয় জেলেকে আটক করা হয়েছিল।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় পরিচালিত এই অভিযানে জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা এবং পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ১২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ এবং তানভীর রাব্বী। আদালত আটক ২২ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী মৎস্য কর্মকর্তা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটক ছয়টি মাছ ধরার নৌকা বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।