নতুন রূপে খুলছে ওসমানী উদ্যান, থাকছে জুলাই স্মৃতিস্তম্ভ

দীর্ঘ এক দশক পর রাজধানীর ওসমানী উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে, যেখানে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনকেন্দ্রসহ নানা সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া উদ্যানটিতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভও স্থাপন করা হয়েছে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভ ও উদ্যান আধুনিকায়নের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্যানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তিনি আরও জানান, নগরবাসী যেন সেখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন, সেভাবেই উদ্যানটি সাজানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাস্তবায়িত এই আধুনিকায়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। উদ্যানটির মূল ফটক রাখা হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে। ফটক দিয়ে প্রবেশের পর বামপাশে লেক, মাঝখানে ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া রয়েছে। এছাড়া আন্ডারগ্রাউন্ডে জাদুঘরের জন্য স্থান রাখা হয়েছে।

উদ্যানের কেন্দ্রস্থলে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরবে। স্মৃতিস্তম্ভের স্টিলের পাতে জুলাই শহীদদের নাম খোদাই করা হয়েছে এবং রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এর সামনে প্রতীকী কবর এবং পাশেই হাঁটার পথ বা ওয়াকওয়ে রয়েছে।

উদ্যানটিকে সবুজময় করতে নতুন করে ফলদ, বনজ ও ঔয়ধী গাছ রোপণ করা হয়েছে এবং পুরোনো লেকটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। নগরভবন, পুলিশ হেডকোয়ার্টার, বঙ্গবাজার, গুলিস্তান ও বাংলাদেশ সচিবালয়সংলগ্ন এই উদ্যানটি দীর্ঘ বিরতির পর উন্মুক্ত হলে নগরবাসীর বিনোদন ও অবসর কাটানোর সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।