নাহিদ হাসান হৃদয়, সাভার (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক নাহিদ হাসান হৃদয়কে হুমকি এবং তার মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন মীরের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলা লাইভ ২৪ অনলাইনে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক নাহিদ হাসান হৃদয়কে ফেসবুকের মাধ্যমে সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। একই সঙ্গে একটি ফেসবুক মন্তব্যে তার মাকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক নাহিদ হাসান হৃদয় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সংবাদ প্রকাশের কারণে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আমার পরিবারকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছে। একজন সাংবাদিক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা আমার পেশাগত দায়িত্ব। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
ঘটনার পর সাভার ও আশুলিয়ার সাংবাদিকদের একাংশ এ ধরনের হুমকি ও ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, অপমান বা ব্যক্তিগতভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযোগের মুখে থাকা দেলোয়ার হোসেন মীরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সংবাদে ক্যামেরায় উপস্থিত না থাকলেও প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও প্রস্তুতিতে সাংবাদিক নাহিদ হাসান হৃদয় দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

