ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ৩৩ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচে জয়ের সুযোগ দুই দলের সামনেই থাকলেও শেষ দিকে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা ম্যাচ থেকে ছিটকে পড়ে।
ম্যাচটিতে বাংলাদেশের করা ২৫০ রানের জবাবে আফগানিস্তান ২১৭ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য শেষ ২৪ বলে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৪১ রান, যা খুব কঠিন সমীকরণ ছিল না। কিন্তু ২১১ রান থেকে ২১৭ রানে পৌঁছাতে গিয়ে মাত্র ৬ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে তারা জয়ের আশা শেষ করে ফেলে। আফগানদের হয়ে হামজা খান ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেললেও ৭১ বলের এই মন্থর ইনিংস দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। এছাড়া ফরিদুল্লাহ ইহসাস ২৭, নোমান সালারজাই ২৫ ও সোবহান জাকহাইল ২৪ রান করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে রুবাই ইসলাম রিজন দুর্দান্ত বোলিং করে ৩৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া শেখ আতিকুর রহমান নেন দুটি উইকেট। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তিন ব্যাটারের ফিফটিতে ২৫০ রানের পুঁজি গড়েছিল। রাকিবুল হোসেন ৭৮ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৯ রান করেন। এছাড়া আহসান আল মুমিন ৫৪ রান এবং জারিফ সিয়াম ৫০ রান করে দলের সংগ্রহকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান।

