চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়। আটক দবির উদ্দিন মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, মুন্সিপুর বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করে। ভারতে স্বর্ণ পাচারের সময় দবির উদ্দিনের কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটক দবির উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

