সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে তারা যে দেশেই থাকুক না কেন, সেই দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির ফাঁসির আদেশ নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারেনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি কোনো গর্হিত অন্যায় কাজ করে, তবে আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়। তিনি জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে যে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সরকার বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

