আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা পর্বের অডিশন সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর মগবাজার রেলগেট এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে এই অডিশন অনুষ্ঠিত হয়। ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক হাফেজে কুরআন এই প্রতিযোগিতায় অংশ নেন। বিচারকদের কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

প্রতিযোগিতাটির ১৭তম আসর উপলক্ষে আয়োজিত এই অডিশনে অংশগ্রহণকারীদের হিফজ, তাজবীদ, কিরাআত, লাহন ও উপস্থাপনার দক্ষতা যাচাই করা হয়। আয়োজকদের ভাষ্যমতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। ঢাকা অডিশনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও ক্বারী এ কে এম ফিরোজ। এছাড়া দেশের স্বনামধন্য হাফেজ, ক্বারী ও আলেমদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের একটি বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মূল্যায়নে কাজ করেছেন।

কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের হিফজুল কুরআনভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় আয়োজন। টানা ১৬ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের তরুণ হাফেজদের মেধা প্রকাশের অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারা দেশে চলমান অডিশনের অংশ হিসেবে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে খুব দ্রুতই পরবর্তী রাউন্ড শুরু হবে।

পুরো অডিশন প্রক্রিয়াটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি। কমিটির সদস্যরা প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও আতিথেয়তা নিশ্চিত করেন, যা আয়োজনটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।