কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে অবস্থিত কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এই রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন, যাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন। পরিচয় পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে অংশ নেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা মোট ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন এবং হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক।

জেলা প্রশাসক আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।