রমনায় অফিসার্স ক্লাবের ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

অফিসার্স ক্লাব সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে ক্লাবে আসেন। তিনি মেয়েকে ক্লাবের সুইমিংপুলে রেখে পাশের নির্মাণাধীন ভবনের দিকে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাসায় বসবাস করতেন।

ঘটনার বিবরণ দিয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে সাবেক এই অতিরিক্ত সচিব তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে এসেছিলেন। তিনি চোখে কম দেখতেন। হাঁটাহাঁটির একপর্যায়ে নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে অসাবধানতাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ডিসি জাহিদুল ইসলাম আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার লিখিত অনুরোধ জানানো হয়েছে। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন; তিনি দেশে পৌঁছানোর পর দাফন সম্পন্ন করা হবে।