২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৯৪৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ের ব্যবধানে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯৪৩ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ সাত হাজার ২৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮৩০ জন রোগী।